Logo
প্রিন্টের তারিখ: 17 November 2026 | প্রকাশের তারিখ: Nov 17, 2026

সংবাদ শিরোনাম : লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের তালিকাভুক্ত আসামি রয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেপ্তার মনিরুজ্জামান কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ছিলেন।


জেলা পুলিশ জানায়, ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন। কমলনগর থেকে ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানায় ৭ জন, চন্দ্রগঞ্জে ৪ জন ও রায়পুরে ২ জনকে গ্রেপ্তার করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস, কিশোর গ্যাংসহ অপরাধ রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পৃথক পৃথক অভিযানে জেলার মোট ৩১ জনকে গ্রেফতার করে বিভিন্ন মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF