রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বিআইডাব্লিউটিএর চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয় নৌযান চালকরা। সম্প্রতি গোপন ক্যামেরায় ধরা পরে স্পিড বোটে করে বিআইডাব্লিউটিএর চাঞ্চল্যকর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মেঘনা নদীতে প্রতিনিয়ত স্পীড বোট বা নৌকা করে চলাচলকারী মাল বোঝাই নৌকা আটকিয়ে কাগজপত্রের ত্রুটি না পেলেও যেকোন অযুহাত দেখিয়ে টাকা নিয়ে যায় বিআইডাব্লিউটি এর কর্মকর্তারা।
ভৈরব নদীবন্দর দিয়ে রাজধানী ঢাকাসহ নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা, সিলেট, সুনামগঞ্জ নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীবাহী লঞ্চ, নৌকা, মালবাহী কার্গো, বালুবাহী বাল্কহেডসহ বিভিন্ন ধরনের কয়েক হাজার নৌযান প্রতিদিন এই পথে চলাচল করে। যাতায়াতে সময় এবং খরচ কম লাগাই একটা সময় এই নদীপথ অনেক জনপ্রিয় হয়ে উঠে নৌযান চালকদের কাছে। কিন্তু এরই মধ্যে বিআইডাব্লিউটিএর অসাধু কর্মকর্তাদের হয়রানিতে নৌযানের সংখ্যা কমতে শুরু করেছে এই নদীপথে। মেঘনা নদীতে আগের মতো নিরাপদ এবং হয়রানি মুক্ত নৌযান চলাচল এবং সেই সাথে বিআইডাব্লিউটিএর চাঁদাবাজি ও হয়রানি থেকে মুক্তির দাবী স্থানীয় নৌযান চালকদের।
সিলেটের সুনামগঞ্জ থেকে বাল্কহেডে বালু ভর্তি করে ঢাকায় যাচ্ছিলেন মো. সালিম। তিনি বলেন, নদী পথে মালামাল কম খরচে নেওয়া যায় বলে আমরা এই পথে নৌযান নিয়ে চলাচল করি। কিন্তু আমাদের বৈধ কাগজ থাকলেও প্রতিনিয়ত এই নদীপথে বিআইডাব্লিউটিএর হয়রানি এবং চাঁদাবাজির শিকার হচ্ছি আমরা। নদীতে আমাদের সন্ত্রাসীরা ধরলে ছাড় দেই কিন্তু বিআইডাব্লিউটিএর লোকেরা ধরলে বৈধ কাগজ থাকলেও ছাড় দেই না আমাদের। তাদের খুশি করার জন্য আমাদের খরচ দিতে হয়। অনেক সময় ৫ থেকে ৭ হাজার টাকাও দিতে হয়।
বাল্কহেড মাঝি জুনাইদ মিয়া বলেন, নদীপথে আমরা বালু, পাথর, সিমেন্ট পরিবহন করে থাকি। কিন্তু বিআইডব্লিউটিএর লোকজন প্রায় অভিযানের নামে আমাদের নৌকার কাগজপথ যাচাই বাছাই করে ঠিক পেলেও আমাদেরকে নানাভাবে হয়রানি করে। তারপর তাদেরকে ২-৩ হাজার টাকা দিতে হয়। যদি না দেয় তাহলে তারা বাল্কহেড আটকিয়ে মামলা দেয়ার হুমকি দেয়।
বাল্কহেড সুকানি জিল্লু মিয়া বলেন, মেঘনা নদীতে প্রতিনিয়ত স্পীড বোট বা নৌকা করে এসে আমাদের নৌকা আটকিয়ে যেকোন একটা অযুহাত দেখিয়ে টাকা নিয়ে যায় বিআইডাব্লিউটিএর কর্মকর্তারা। দেশে নতুন সরকার ভোট দিয়ে নির্বাচন করে আনলাম কিন্তু নিরাপত্তা হয়রানি আর চাঁদাবাজি থেকে রক্ষা পেলাম না আমরা।
এবিষয়ে ভৈরব-আশুগঞ্জ নদীবন্দর কার্যালয়ের উপ-পরিচালক মো.আব্দুল ওয়াকিল জানান, মেঘনা নদীতে নৌযানে আমাদের একটি টিম নিয়মিত টহল দিয়ে থাকেন। তারা নৌযানের প্রয়োজনীয় কাগজপত্র চেকিং করে থাকেন। তবে আমাদের কোন কর্মচারী কর্মকর্তা কারো কাছ থেকে চাঁদা বাজি করেনি। কিছুদিন আগে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমরা সেই বিষয়টি খোঁজ নিয়ে জানতে পারলাম সেখানে কোন অর্থের লেনদেন হয়নি। তবুও কেউ যদি নৌযানে মাঝিদের কাছ থেকে কোন চাঁদাবাজির সাথে জড়িত থাকে তা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।