জাকির হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র শয্যা সংকটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ রোগীদের। ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী আসায় বাধ্য হয়ে ফ্লোরে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ৫০ শয্যাবিশিষ্ট হলেও প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। নির্ধারিত বেড বা শয্যা খালি না থাকায় বহু রোগীকে হাসপাতালের মেঝে বা ফ্লোরে বিছানা পেতে থাকতে দেখা গেছে। অপারেশন থিয়েটার সংলগ্ন বারান্দা ও ফ্লোরে রোগীরা উৎকণ্ঠার সাথে চিকিৎসাধীন রয়েছেন এবং ওষুধ ও সেবার অপেক্ষায় রোগীর স্বজনদের দীর্ঘ ভিড় জমেছে।
তবে রোগীদের এই দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন এক দায়িত্বশীল কর্মকর্তা। তিনি জানান, খুব শীঘ্রই নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে। নতুন করে আরও ১০০ শয্যার একটি ভবন তৈরি করা হলে হাসপাতালের মোট ধারণক্ষমতা ১৫০ শয্যায় উন্নীত হবে। এই নতুন ভবনটি চালু হলে আর কাউকে ফ্লোরিং করে বা কষ্ট করে বারান্দায় থাকতে হবে না বলে আশা প্রকাশ করেন !
স্থানীয়রা বলছেন, দ্রুত নতুন ভবনের কাজ শেষ হলে এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটবে এবং সাধারণ মানুষ আরও সহজে কাঙ্ক্ষিত সেবা পাবে।