Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : প্রবাসী রোকন হত্যার বিচারের দাবিতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ

প্রবাসী রোকন হত্যার বিচারের দাবিতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসী রোকন হত্যার বিচারের দাবিতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী ও নিহতদের স্বজনরা। এসময় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

 

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬ইং) বেলা ১১ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই কর্মসূচি পালিত হয়েছে। দীর্ঘ দেড় ঘন্টার বেশি সময় সড়কে সকল যান চলাচল বন্ধ ছিলো।

 

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ওসি ভুয়া ভুয়া, ওসি ঘুষখোর ঘুষখোর বলে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রোকন হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় মহাসড়কের ওপর আন্দোলনকারীদের একপর্যায়ে ফুটবল খেলতেও দেখা যায়। এতে সড়কে অবস্থান নেওয়া কর্মসূচিটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

 

বিক্ষোভ সমাবেশে নিহত রোকনের ছোট বোন মারিয়া বেগম বলেন, আমার ভাই জীবিকার তাগিদে সিঙ্গাপুরে পাড়ি দেন। সেখানে দুই বছর থাকার পর দেশে ছুটিতে আসেন। আসার পর রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে বাড়ির সামনে গাছের ডালায় হাত,পা বেঁধে ঝুলিয়ে রেখে যায়। আমার ভাই প্রবাসী রোকন হত্যার ১ মাস ফেরিয়ে গেলেও সনাক্ত হয়নি খুনের রহস্য। আমরা ভাইয়ের বিচারের দাবিতে পুলিশ প্রশাসনের কাছে গেলে বলে ধৈর্য্য ধরেন আমরা আর কত ধৈর্য্য ধরবো। আমরা ভাই বোনের মা বাবার মুখের দিকে তাকাতে পারি না। তারা ভাইয়ের হত্যার পর থেকে তারা কান্নায় ভেঙে পড়েছে।

 

স্থানীয় বাসিন্দা তাদের বক্তব্যে বলেন, প্রবাসী রোকনকে নির্মমভাবে যারা হত্যা করেছে তাদের এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ। কিছু দিন আগেও হত্যার সাথে জড়িতদের সনাক্ত করতে মানববন্ধন আয়োজন করেছিলাম তখন পুলিশ আমাদেরকে বলেছিলো তারা হত্যায় জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেপ্তার করবে কিন্তু ঘটনার এক মাস পা হয়ে গেলেও খুনিদের সনাক্ত করতে পারেনি। আমরা চাই পুলিশ দ্রুত খুনিদের সনাক্ত করে শাস্তির নিশ্চিত করবে।

 

নিহতের বাবা সাত্তার মিয়া জানায়, তার ছেলে একমাস আগে ছুটিতে সিঙ্গাপুর থেকে দেশে আসে। ঘটনার দিন বুধবার সে কক্সবাজার ভ্রমণে যাওয়ার কথা ছিল বলে তার বাবা জানায়।

 

উল্লেখ্য, প্রবাসী যুবক ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের নয়াহাটি এলাকার সাত্তার মিয়ার ছেলে। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সিঙ্গাপুর প্রবাসী যুবক রোকন আহমেদ জয়ের ঝুলন্ত লাশ বসত বাড়ির সামনে গাছের ডাল থেকে উদ্ধার করে পুলিশ। এসময় তার হাত, পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল। এর আগের দিন ২৮ সেপ্টেম্বর সোমবার রাতে খাবার খেয়ে সে তার রুমে ঘুমাতে যায়। রাত দুইটায় তাকে কে বা কারা মোবাইলে ডেকে ঘর থেকে বের করার পর পরদিন সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার ১ মাস পার হয়ে গেলেও খুনের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এঘটনায় তার বাবা বাদী হয়ে কয়েকজনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

 

এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, সিঙ্গাপুর প্রবাসী যুবকের মৃত্যু রহস্যজনক। তার পরিবারের সদস্যরাও বলতে পারছে না তাকে কারা এভাবে হত্যা করেছে। তবে যুবকের হত্যার সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশসহ ডিবি তদন্তে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে খুনের রহস্য উদঘাটন করে জড়িতদের শাস্তি নিশ্চিত করবে বলে তিনি জানান।

 

আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য রাখেন, রোকনের বাবা ছাত্তার মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপি সহ সভাপতি লোকজন হোসেন, ইউনিয়ন ছাত্রদল আহবায়ক নয়ন মিয়া, জেলা ছাত্রদল নেতা রবিন মিয়া, মাওলানা আজিজ মিয়া প্রমূখ।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF